দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পারমাণবিক অস্ত্র পরীক্ষা পুনরায় শুরু করার বিষয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশ কীভাবে বাস্তবায়ন করা হবে, যুক্তরাষ্ট্র সরকার বর্তমানে তা মূল্যায়ন করছে। মঙ্গলবার (২৪ মার্চ) মার্কিন স্টেট ডিপার্টমেন্টের এক শীর্ষ কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য নিশ্চিত করেছেন।
অস্ত্র নিয়ন্ত্রণ ও আন্তর্জাতিক নিরাপত্তা বিষয়ক আন্ডার সেক্রেটারি অফ স্টেট থমাস ডিনান্নো সিনেট ফরেন রিলেশনস কমিটিকে জানান, বায়ুমণ্ডলে কোনো ধরনের পারমাণবিক পরীক্ষা চালানোর বিষয়ে এখন পর্যন্ত কোনো আলোচনা হয়নি। উল্লেখ্য, ১৯৬২ সালের পর যুক্তরাষ্ট্র আর কখনো বায়ুমণ্ডলে পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালায়নি।
তবে ডিনান্নো ভূগর্ভস্থ পারমাণবিক বিস্ফোরণ পরীক্ষা পুনরায় শুরু করার সম্ভাবনা পুরোপুরি উড়িয়ে দেননি। যুক্তরাষ্ট্র সর্বশেষ ১৯৯২ সালে এই ধরনের ভূগর্ভস্থ পরীক্ষা চালিয়েছিল।
পরীক্ষামূলক এই কর্মসূচির রূপরেখা সম্পর্কে ডিনান্নো বলেন, ‘এই টেস্টিং প্রোগ্রাম বা পরীক্ষা পদ্ধতিটি ঠিক কেমন হবে এবং কীভাবে তা পরিচালিত হবে, সে বিষয়ে আমরা এখনও চূড়ান্ত কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারিনি।’
গত অক্টোবর মাসে প্রেসিডেন্ট ট্রাম্প পারমাণবিক অস্ত্র পরীক্ষা পুনরায় শুরু করার যে বিতর্কিত নির্দেশনা দিয়েছিলেন, তা কীভাবে কার্যকর করা হচ্ছে—কমিটির এমন প্রশ্নের জবাবেই তিনি এসব কথা বলেন।
একই সঙ্গে তিনি রাশিয়া ও চীনের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের অভিযোগের পুনরাবৃত্তি করেন। ডিনান্নোর দাবি, রাশিয়া ও চীন ইতিমধ্যে গোপনে ভূগর্ভস্থ পারমাণবিক পরীক্ষা চালিয়েছে। যদিও মস্কো এবং বেইজিং এই অভিযোগ শুরু থেকেই অস্বীকার করে আসছে এবং অনেক বিশেষজ্ঞও মার্কিন এই দাবির সত্যতা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন।
যুক্তরাষ্ট্রের এই অবস্থান ব্যাখ্যা করে তিনি বলেন, ‘অন্য দেশগুলো পরীক্ষা চালিয়ে যাচ্ছে অথচ যুক্তরাষ্ট্র তা করছে না—এই বিষয়টি আমাদের জন্য এক অসহনীয় কৌশলগত অসুবিধা তৈরি করছে।’